চট্টগ্রাম নগরের হালিশহর থানার ছোটপুল এলাকা থেকে পুলিশের একটি টহল পিকআপ ভ্যান চুরির ঘটনা ঘটেছে। টহলের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সড়কে গাড়ি রেখে একটি রেস্টুরেন্টে খাবার খেতে গেলে এ ঘটনা ঘটে।
খাওয়া শেষে ফিরে এসে পুলিশ সদস্যরা দেখেন, ঘটনাস্থলে পিকআপ ভ্যানটি নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা যায়, এক ব্যক্তি গাড়িটি চালিয়ে নিয়ে গেছেন।
বেলা ৩টার দিকে ছোটপুলের জেলা পুলিশ লাইন এলাকার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, হালিশহর থানার টহল দলের একটি সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান জেলা পুলিশ লাইনের সামনের সড়ক থেকে চুরি হয়েছে। ওই সময় গাড়িতে তিনজন পুলিশ সদস্য ছিলেন। তারা গাড়িটি সড়কে রেখে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। ফিরে এসে গাড়িটি আর দেখতে পাননি।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে একজনকে পিকআপ ভ্যানটি চালিয়ে নিয়ে যেতে দেখা গেছে। চোরকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। কীভাবে গাড়িটি চুরি হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এ বিষয়ে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।









