রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় রাষ্ট্র সংলাপ ফোরামের সভাপতি আল নূর মোহাম্মদ আয়াস ওরফে এ এন এম আয়াসের জামিন আবেদন নাকচ করেছেন আদালত। তবে একই মামলার আসামি মারজিয়া খন্দকার রিমির জামিন আবেদন নারী বিবেচনায় মঞ্জুর করা হয়েছে।

বুধবার নিম্ন আদালত এ আদেশ দেন।

এর আগে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আয়াস ও মারজিয়া খন্দকার রিমিসহ চারজনকে আসামি করা হয়।

মামলায় অপরাধমূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। পরে আদালত আসামিদের রিমান্ড মঞ্জুর করেন।