অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। ধীরগতিতে এগোনোর কারণে এখনো ঝড়টির প্রভাব তেমনভাবে দেখা যায়নি। তবে আগামীকাল থেকেই এর প্রভাব পড়তে শুরু করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় মাত্র ৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে। ধারণা করা হচ্ছে, শুক্রবার এটি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।
ঘূর্ণিঝড় আকভান প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮৫ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
ঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। এর কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বাড়ছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঝড়ের প্রভাবে উপকূলীয় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ সময় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
এ ছাড়া বৃহস্পতিবার ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানিয়েছেন, মূল ঝড় শুক্রবার উপকূল অতিক্রম করলেও এর প্রভাব বা ল্যান্ডফলের প্রক্রিয়া আগামীকাল থেকেই শুরু হতে পারে। আগের দুটি ঘূর্ণিঝড়ের তুলনায় আকভানের অবস্থান উত্তর বঙ্গোপসাগরের কিছুটা কাছাকাছি। এর প্রান্তীয় মেঘও উপকূলের দিকে আসতে শুরু করেছে।
আবহাওয়াবিদদের মতে, বর্ষা-পরবর্তী মৌসুম শেষ পর্যায়ে থাকায় আগের ঘূর্ণিঝড় অর্ণব ও মুরাসুর তুলনায় আকভানের বৈশিষ্ট্যে বেশ কিছু পার্থক্য দেখা যাচ্ছে।









