গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর পাটগাতীর পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় আটক ছাত্রলীগ নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে মাইকিং করে লোকজন জড়ো করা হয়। একপর্যায়ে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে থানার দিকে এগিয়ে গেলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

এরপর থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আটক নেতাকর্মীদের ছাড়িয়ে নেওয়া হয় বলে স্থানীয় সূত্রের দাবি। পরে রাত ৯টার দিকে এস এম জিলানীর পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়।