সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আইন প্রণয়নের পাশাপাশি সরকারি সম্পদের সঠিক ব্যবহার এবং উন্নয়ন প্রকল্পের মান নিশ্চিত করতেও সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার জাতীয় সংসদের শপথ কক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাস্তবায়নাধীন ‘প্রতিষ্ঠান, নীতি ও সেবার শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় আয়োজিত এক পরিচিতিমূলক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মসূচির বিষয় ছিল টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদার করা।

স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন পেশার দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছেন। আইন প্রণয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও তাঁদের সাংবিধানিক দায়িত্ব।

তিনি বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে সেগুলোর বাস্তবায়নে কারিগরি ও অন্যান্য জটিলতাও বেড়েছে। জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয়প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারি সম্পদের যথাযথ ব্যবহার তদারকি করা সংসদ সদস্যদের দায়িত্ব। এ ধরনের কর্মসূচি থেকে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

স্পিকার আরও বলেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য নিশ্চিত করতে হবে। সরকারি অর্থের সঠিক ব্যবহার, সময়মতো প্রকল্প বাস্তবায়ন এবং উন্নয়নের গুণগত মান বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, গত ১৫ বছরে প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ভোট জালিয়াতি, অর্থপাচার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী শাসন দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, অতীতের অনির্বাচিত সংসদের তুলনায় বর্তমান নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে বর্তমান সংসদের সদস্যরা কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা এবং কাজের ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব। এ ছাড়া ইউএনডিপির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।

কর্মসূচিতে সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির সহযোগিতার জন্য ধন্যবাদ জানান স্পিকার এবং কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন। এ সময় মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ ও সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালক এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।