রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় নিম্ন ও উচ্চ আদালতে দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। হাইকোর্টে মাত্র চার মাস ১০ দিনের মধ্যে ডেথ রেফারেন্স ও আসামিদের জেল আপিলের শুনানি শেষে রায় ঘোষণা করা হয়েছে। বিচারপ্রক্রিয়ার এ দ্রুততাকে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করেছেন অ্যাটর্নি জেনারেল।

মঙ্গলবার হাইকোর্টের রায় ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সুপ্রিম কোর্টে দীর্ঘ দুই মাস অবকাশ ছিল। এ ছাড়া অন্য সময়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ও আলোচিত মামলার শুনানি হয়েছে। এর মধ্যেও পল্লবীর শিশু হত্যা মামলাটি দ্রুত শুনানি ও নিষ্পত্তি করা হয়েছে। নিম্ন আদালতে এক দিনে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা এবং উচ্চ আদালতে চার মাস ১০ দিনের মধ্যে রায় দেওয়া বিচারিক কার্যক্রমের ক্ষেত্রে একটি রেকর্ড।

মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলাটির রায় ঘোষণা করেন। আদালত প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখেন। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেন।

রায় ঘোষণার সময় আদালত বলেন, এ ধরনের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তির জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

মামলার বিবরণ অনুযায়ী, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছরের শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, ধর্ষণের পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

পরে ৭ জুন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল দুই আসামিকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা জেল আপিল করেন। পাশাপাশি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। গত সোমবার এসব আবেদনের ওপর শুনানি শেষ হয়। শুনানি শেষে মঙ্গলবার রায় ঘোষণার দিন ধার্য করেন হাইকোর্ট।