রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত তার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দিয়েছেন আদালত। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা।

মঙ্গলবার দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রামিসার বাবা বলেন, দেশের ইতিহাসে দ্রুততম বিচারপ্রক্রিয়ার মাধ্যমে রায় ঘোষণা করা হয়েছে, সে দিক থেকে তিনি সন্তুষ্ট। হাইকোর্ট সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন এবং অপর আসামি স্বপ্নাকে খালাস দিয়েছেন।

তিনি আরও বলেন, রায় মাত্র ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা করবেন। এরপর পরবর্তী করণীয় ও সিদ্ধান্ত জানাবেন।

আদালত সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখার পর্যবেক্ষণে বলেন, শিশু রামিসাকে নৃশংস ও অস্বাভাবিক পদ্ধতিতে হত্যা করা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি।

রায় ঘোষণার সময় রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানি করেন। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। এ সময় রামিসার বাবা আদালতে উপস্থিত ছিলেন।

সকাল ১০টা ৩৬ মিনিটে বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে রায় ঘোষণা করেন হাইকোর্ট।