মাদারীপুরের কালকিনিতে বিয়ের দাবিতে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) নামে এক তরুণের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন মুন্সি নামে আরেক তরুণ। টিকটকের মাধ্যমে পরিচয়ের পর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। একসঙ্গে থাকার দাবিতে মঙ্গলবার (১৭ নভেম্বর) নবদ্বীপের বাড়িতে অবস্থান নেন মাহিন।
স্থানীয় সূত্রে জানা যায়, নবদ্বীপ কালকিনি উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে। অন্যদিকে মাহিন মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে।
দুজনের সঙ্গে কথা বলে জানা গেছে, টিকটকের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় থেকে ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে দুজনই একসঙ্গে থাকতে চান বলে জানিয়েছেন। এ দাবিতেই নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন।
স্থানীয়দের ভাষ্য, এর আগেও মাহিন দুইবার ওই বাড়িতে এসেছিলেন। এবার বিয়ের দাবিতে সেখানে অবস্থান নিয়েছেন। দুজনই একসঙ্গে থাকার বিষয়ে অনড় রয়েছেন।
বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তাঁর পাশের বাড়ির। খবর পেয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি মাহিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।









