নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেবকে মারধর ও পেটে লাথি মারার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মাসুম চৌধুরী স্বাক্ষরিত নোটিশে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও বিএনপির সমর্থক নুরুজ্জামান খান পুতুলকে ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে

উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী জানান, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালীর পরামর্শে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার তেলিগাতী ইউনিয়নের কাছারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিবেদিতা দেব। সোমবার দুপুরে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে আনোয়ার হোসেন ও নুরুজ্জামান খান পুতুলসহ কয়েকজন বিদ্যালয়ে গিয়ে তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

নিবেদিতা দেবের অভিযোগ, তাঁকে বিদ্যালয়ের বাইরে একটি বৈঠকে যেতে বলা হয়েছিল। তিনি বিদ্যালয়ের অফিসে এসে কথা বলার অনুরোধ করলে অভিযুক্তরা সেখানে গিয়ে তাঁর ওপর হামলা করেন। এ সময় আনোয়ার হোসেন তাঁর পেটে লাথি মারেন এবং পুতুলসহ আরও পাঁচ-ছয়জন তাঁকে মারধর করেন। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানানোর পরও হামলা বন্ধ হয়নি বলে দাবি তাঁর। এ ছাড়া তাঁকে ও তাঁর অনাগত সন্তানকে পুড়িয়ে মারার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষক।

মারধরের অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন বলেন, বিদ্যালয়ের পাশে ২০ থেকে ৩০ জন নেতাকর্মী নিয়ে তাঁরা বৈঠক করছিলেন। প্রধান শিক্ষককে বৈঠকে আসার জন্য খবর দেওয়া হলেও তিনি গুরুত্ব দেননি। পরে বিদ্যালয়ে গিয়ে তাঁরা দেখতে পান, ওই শিক্ষিকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নিয়ে বৈঠক করছেন। এ বিষয়ে শুধু তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, তাঁকে মারধর করা হয়নি।

শোকজের বিষয়ে আনোয়ার হোসেন বলেন, বিষয়টি শুনেছেন এবং লিখিত জবাব দেবেন।