খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের একটি বাস ও কাউন্টার থেকে কালো কালি ও স্প্রে দিয়ে ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দিয়েছেন কয়েকজন যুবক। স্থানীয় যুবদল নেতা শাহরিয়ার হোসেন মাসুমের নেতৃত্বে ৮ থেকে ১০ জন এ কাজ করেছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে নগরের ফুলবাড়ীগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে মাসুমের নেতৃত্বে কয়েকজন যুবক পরিবহনের কাউন্টারে যান। সেখানে লেখা ‘টুঙ্গিপাড়া’ নাম মুছে দেওয়ার পর কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাসের গায়ে লেখা একই নাম কালো স্প্রে দিয়ে ঢেকে দেন।
কাউন্টারের টিকিট বিক্রেতা রকি হাওলাদার বলেন, কয়েকজন যুবক এসে নাম মুছে দিয়ে চলে গেছেন। তবে তাঁরা কোনো ভাঙচুর করেননি বা কারও সঙ্গে দুর্ব্যবহার করেননি।
খুলনা মহানগর যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকতে বলা হয়েছে। তবে কোনো ধরনের হঠকারী কাজ করতে নিষেধ করা হয়েছে। শাহরিয়ার হোসেন মাসুম যুবদলের কোনো পদে নেই বলেও দাবি করেন তিনি। বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে জানান।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।









