নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমকে স্থায়ী স্বীকৃতি দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। পাশাপাশি নতুন সংবাদমাধ্যমের নিবন্ধনপ্রক্রিয়া সহজ ও ব্যবহারবান্ধব করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের একটি স্থায়ী অবস্থান থাকা প্রয়োজন। একই সঙ্গে অনিবন্ধিত নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও মনগড়া সংবাদ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার। তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে ভারসাম্য বজায় রাখাও সরকারের জন্য গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নিবন্ধিত সংবাদমাধ্যমের তথ্যভাণ্ডার থাকলে কারা সংবাদ প্রকাশ করছে, তা শনাক্ত করা সহজ হবে। এতে জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি প্রকৃত সংবাদমাধ্যমকে সহযোগিতা করা সম্ভব হবে।
ভুয়া সংবাদ নিয়ন্ত্রণে অংশীজনদের সঙ্গে আলোচনা
আন্দালিব রহমান পার্থ বলেন, ভুয়া সংবাদ ও অপতথ্য ছড়ানো বৈশ্বিক সমস্যা। ফেসবুক ও ইউটিউবের মতো প্ল্যাটফর্মের ব্যবসায়িক কাঠামোর কারণে সব ভুয়া বা ক্ষতিকর কনটেন্ট বন্ধ করা কঠিন।
ডিজিটাল ও সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের ক্ষেত্রেও সংবাদমাধ্যমসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলে জানান তিনি। অতীতের অভিজ্ঞতার কারণে আইনকে নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে ব্যবহারের আশঙ্কা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করা নয়; বরং তা সুরক্ষা দেওয়া এবং অপতথ্য প্রতিরোধ করা।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সংবাদমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ বিশ্বাসযোগ্যতা। সেই গ্রহণযোগ্যতা ধরে রাখতে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন জরুরি। সরকারের ভুলত্রুটিও সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।
একাধিক গণমাধ্যমের মালিকানা নিয়েও আলোচনা
এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার আলোচনা করছে। গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে কী ধরনের নীতিমালা করা যায়, তা পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, অতীতে কিছু ব্যক্তি ও গোষ্ঠী রাজনৈতিক ও আর্থিক সুবিধা নিতে গণমাধ্যমকে ব্যবহার করেছেন। তবে সব গণমাধ্যম ও সাংবাদিককে একইভাবে মূল্যায়ন করা ঠিক নয়। অনেক সাংবাদিক ভয়ভীতি ও চাপের মধ্যেও দায়িত্ব পালন করেছেন।
গণমাধ্যমের স্বাধীনতা, বিশ্বাসযোগ্যতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী।









