গণমাধ্যমকে চাপে রেখে নিয়ন্ত্রণ করতে চায় না সরকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গণমাধ্যমের কাছে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সংবাদ প্রচারের ক্ষেত্রে বিষয়টি বিবেচনায় রাখার আহ্বান জানান তিনি। আগুন সন্ত্রাসের মূল হোতাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রতিমন্ত্রী।
টেলিভিশনের বিজ্ঞাপনের রেট বাড়ানোর দাবি
বৈঠকে টেলিভিশন শিল্পের আর্থিক সক্ষমতা বাড়ানোর বিষয়টি তুলে ধরেন বিজেসি চেয়ারম্যান ফাহিম আহমেদ। তিনি বলেন, টেলিভিশন গণমাধ্যমের জন্য বিজ্ঞাপনের রেট বাড়ানো প্রয়োজন।
ফাহিম আহমেদ আরও বলেন, সাংবাদিকদের যথাসময়ে ও যথাযথ বেতন নিশ্চিত না হলে দায়িত্বশীল সাংবাদিকতা কঠিন হয়ে পড়ে। এ জন্য গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা ও আর্থিক সক্ষমতা নিশ্চিত করার দাবিও জানান তিনি।









