ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গ্রেপ্তারের পর তাঁকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তাঁর, তাঁর বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীর বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা অনুমোদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সাঈদ খোকন। পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাননি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।









