নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনে হামলায় কৃষক দল ও যুবদলের দুই নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা কৃষক দলের সদস্যসচিব শাহিনুর শেখ (৪০) এবং যুবদলকর্মী সোহেল মোল্লা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। তাঁদের বহর বটতলা মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর ও সোহেল গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারা এ ঘটনায় জড়িত, তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।