গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন রোধ, খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ের ১৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি প্রকল্প রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা।
মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। এ ছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও অনুমোদনের তালিকায় রয়েছে।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নদীভাঙন প্রতিরোধ, জলাবদ্ধতা নিরসনে খাল-নদী খনন এবং সড়ক অবকাঠামো সম্প্রসারণে অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।









