সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সিটি ব্যাংকের বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগ সংক্রান্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছে সিটি ব্যাংক। ব্যাংকটি বলেছে, সংবাদটিতে প্রকৃত তথ্য উপেক্ষা করে ব্যাংকের একটি আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে। এদিকে এমডি মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ১০০ কোটি ৭২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সিটি ব্যাংক জানিয়েছে, সংশ্লিষ্ট গ্রাহকপ্রতিষ্ঠানগুলি ২০১৬ সাল থেকে ব্যাংকের ঋণসুবিধা গ্রহণ করে, যার মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা। ২০২২ সালে এই ঋণ অনিয়মিত হওয়ার পর গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হলেও ঋণ পরিশোধ করা হয়নি। ২০২৪ সালে পুনরায় খেলাপি হওয়ার পর গ্রাহককে একাধিক আইনি নোটিশ ও ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেও তা রক্ষা করেননি। পরবর্তী সময়ে ব্যাংক অর্থঋণ আদালত আইন ও নিজস্ব নীতিমালা অনুসরণ করে ঋণের বিপরীতে নেওয়া বন্ধকীকৃত সম্পত্তি প্রকাশ্য নিলামের ব্যবস্থা করে। নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তির বাজারমূল্য নির্ধারিত হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা এবং তাৎক্ষণিক বিক্রয়মূল্য ১৬ কোটি ৬৬ লাখ টাকা। অথচ ব্যাংক সম্পত্তিটি শেষমেশ বিক্রি করেছে ৩০ কোটি ২৫ লাখ টাকায়, যা নির্ধারিত বাজারমূল্যের চেয়ে অনেক বেশি। ফলে অত্যন্ত কম মূল্যে সম্পত্তি বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে ব্যাংকটি।

ব্যাংকটি আরও বলেছে, ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যাংকের প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে তাঁর ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের প্রয়াস নিন্দনীয়। এ ধরনের উপস্থাপন তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি সিটি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে। একইভাবে, একটি বিদেশী ব্যাংকের আমন্ত্রণে এক গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে যোগ দিতে এবং পরে উমরাহ পালনের উদ্দেশে তাঁর পূর্বনির্ধারিত ও অনুমোদিত বিদেশ সফরকে দুদকের অনুসন্ধানের সঙ্গে যোগ করে সংবাদ ছাপানো অনভিপ্রেত ও অন্যায় বলে জানিয়েছে ব্যাংকটি।

সিটি ব্যাংক বলেছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে পূর্ণ সহযোগিতা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে অভিযোগের অনুসন্ধান শুরু করার জন্য মাত্র তদন্ত কর্মকর্তা নিয়োগ হওয়া আর অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয়। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে ব্যাংকটি।