টেকনাফে অভিযানকালে নিহত সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২২ নভেম্বর) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নিহত সৈনিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
পাশাপাশি তাঁর পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বিদ্যমান বসতবাড়ি সংস্কারের দায়িত্ব গ্রহণ করা হয়েছে। এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তাঁর উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর কক্সবাজারের টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে গুলিবিনিময়ে সৈনিক মো. তিতাস শেখ নিহত হন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল ওই এলাকায় অভিযান চালায়। পাচারকারীরা প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে জিম্মি করে রেখেছিল বলে জানা যায়।
অভিযানকালে পাচারকারীদের গুলিতে তিতাস শেখ বাঁ কাঁধে গুলিবিদ্ধ হন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিযানে জিম্মি অবস্থায় থাকা ৫৭ জনকে উদ্ধার এবং মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় হত্যা, মানবপাচার ও অস্ত্র আইনে তিনটি মামলা দায়ের করা হয়েছে।









