চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করার কাজ চলছে। ফল প্রকাশের পর অনলাইনে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে। এসব উত্তরপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করেছেন পরীক্ষকরা।
বোর্ডের তথ্য অনুযায়ী, মূল ফল প্রকাশের পর ১ নভেম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শুরু হয়, যা চলে ৮ নভেম্বর দুপুর পর্যন্ত। এই আট দিনে মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করেন।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী।
পুনঃনিরীক্ষণের আবেদন প্রতিবছরই বাড়ছে। গত বছর ২ লাখ ২৬ হাজার শিক্ষার্থী ৪ লাখ ২৮ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। এর আগের বছর আবেদন করেছিলেন ১ লাখ ৯৮ হাজার ১১৬ জন শিক্ষার্থী। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ৫ লাখ ৮ হাজার ১১৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষা করা হয়েছিল।
যেভাবে দেখবেন পুনঃনিরীক্ষণের ফল
ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনটি পদ্ধতিতে নিজেদের ফল জানতে পারবেন।
ওয়েবসাইটের মাধ্যমে: শিক্ষা বোর্ডের সমন্বিত পুনঃনিরীক্ষণ ওয়েবসাইট (rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, শিক্ষা বোর্ডের নাম এবং পরীক্ষার বছর ২০২৬ নির্বাচন করে সাবমিট করতে হবে। এরপর ফল দেখা যাবে।
পিডিএফের মাধ্যমে: নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘HSC Re-scrutiny Changed Result 2026’ শিরোনামে প্রকাশিত পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। সেখানে রোল নম্বর খুঁজে সংশোধিত ফলাফল দেখা যাবে। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট বিষয়ের কোড, আগের গ্রেড ও নতুন গ্রেড উল্লেখ থাকবে।
এসএমএসের মাধ্যমে: যেসব শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আসবে, তাদের আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে এসএমএস পাঠানো হবে। বিশেষ করে ফেল থেকে পাস কিংবা গ্রেড পরিবর্তন হলে এ বার্তার মাধ্যমে তা জানানো হবে।









