আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের পক্ষে সাফাই সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী তাসলিমা জাহান পপি।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। সাক্ষ্যের শুরুতে তিনি জানান, মামলার আসামি জিয়াউল আহসানকে তিনি চেনেন। এ সময় মামলাসংশ্লিষ্ট কিছু নথিপত্র ও ভিডিও সাক্ষ্য হিসেবে উপস্থাপন করার কথাও জানান তিনি।
সাক্ষ্যগ্রহণের সময় আইনজীবী তাসলিমা জাহান পপি ২০১১ সালের ১৩ জানুয়ারি প্রকাশিত ‘র্যাবের গুলিতে যুবক নিহত’ শিরোনামের একটি প্রতিবেদনের কপি জমা দেন। একই বছরের ১৬ আগস্ট প্রকাশিত আরেকটি প্রতিবেদনও তিনি আদালতে উপস্থাপন করেন।
নিরাপত্তাজনিত কারণে এদিন সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত হননি জিয়াউল আহসান। তিনি ভার্চুয়ালি হাজিরা দেন।
এর আগে গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তার জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। পরে আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাফাই সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় আজ আসামিপক্ষের সাক্ষী হিসেবে আদালতে বক্তব্য দিচ্ছেন আইনজীবী পপি।
মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।
প্রথম অভিযোগে বলা হয়েছে, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুরের পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।
দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
তৃতীয় অভিযোগে একই সময়ে বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যার কথা উল্লেখ করেছে প্রসিকিউশন।
এসব অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয় আদালত এবং একই দিন প্রসিকিউশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।









