আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। নারী ও পুরুষ উভয়ের জন্য উদ্যোক্তা হওয়ার সুযোগ সম্প্রসারণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, উদ্যোক্তা হতে আগ্রহীদের সহায়তায় এসএমই ফাউন্ডেশন ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে আগামী চার বছরে ২৫ হাজারের বেশি উদ্যোক্তা তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তাই এসএমই খাতের বিভিন্ন প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এ ছাড়া দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত বিভিন্ন মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।