নিজস্ব প্রতিবেদকঃ বিল ইয়ানূর তালুকদার
এখনও হযরত শাহজালাল বিমানবন্দরেই রয়েছেন আপসহীন ‘ফাটাকেষ্ট’ খ্যাত ম্যাজিস্ট্রেট নওশাদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বদলির সমস্ত গুজব উড়িয়ে দিয়ে এখনও বিমানবন্দরেই দায়িত্ব পালন করছেন বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তিনি নিজেই।
কিন্তু বিমানবন্দরে যাত্রী হয়রানি, লাগেজ বিড়ম্বনা আর পুরোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য ফিরতেই আজ প্রবাসীদের নতুন বড় প্রশ্ন, কেন থেকেও নেই নওশাদ খান?
যে কর্মকর্তার এক হুঙ্কারে বিমানবন্দরে চোরদের বুক কাঁপত, যার বডি-ক্যামেরা ও ঝটিকা অভিযানে সাধারণ প্রবাসীরা ভরসার নিঃশ্বাস ফেলেছিল, আজ শত অভিযোগের মাঝেও তার সেই দৃশ্যমান হুঙ্কার উধাও কেন? নওশাদ খানের ভাষ্য, তিনি নিভৃতে কাজ করছেন এবং স্রেফ সোশ্যাল মিডিয়া এড়িয়ে চলছেন। কিন্তু সাধারণ মানুষের মনে আজ জ্বলন্ত সংশয়, তবে কি অদৃশ্য কোনো প্রশাসনিক বাঁধনে হাত-পা বেঁধে দেওয়া হয়েছে তার? নাকি প্রভাবশালী মহলের চাপে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে এই নির্ভীক যোদ্ধাকে?
লাগেজ জট আর যাত্রী ভোগান্তি যখন আবারও চরমে, তখন চেয়ারে থেকেও ময়দানে নওশাদ খানের এই অদ্ভুত অনুপস্থিতি সাধারণ যাত্রীদের কাছে স্রেফ সান্ত্বনা নয়, বরং এক চরম প্রহসন।










