যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আজিজুল ইসলামকে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেলে লালমাটিয়ার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, আজিজুল ইসলামকে গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ডিবি পুলিশের তথ্যমতে, আজিজুল ইসলামের বিরুদ্ধে যশোরে একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যশোর-৬ (কেশবপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন আজিজুল ইসলাম। ওই নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

কেশবপুরের প্রয়াত সাবেক সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্নেহভাজন হিসেবে পরিচিত ছিলেন আজিজুল ইসলাম। একসময় তিনি নিষিদ্ধ ছাত্রলীগের কেশবপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে জেলা পরিষদের সদস্য হিসেবেও নির্বাচিত হন।

এর আগে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (সাতক্ষীরা-৪) এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।