জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘মৃত্যুক্ষুধা’ নিয়ে পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত এ পাঠচক্রে উপন্যাসটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।

সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের ‘তরুণের সাধনা’ সম্মেলন কক্ষে এ পাঠচক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। এতে সভাপতিত্ব করেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম। মূল আলোচক ছিলেন বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)।

অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা বলেন, ইংরেজ প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন তাঁর ‘অফ স্টাডিজ’ প্রবন্ধে বলেছেন, ‘রিডিং মেকস আ ম্যান ওয়াইজ’। জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হলো পড়াশোনা। এর কোনো বিকল্প নেই। শিক্ষার্থী থাকাকালে তাঁর এক শিক্ষক উপদেশ দিয়েছিলেন, ‘পড়ো, পড়ো এবং পড়ো’। এই উপদেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জ্ঞান অর্জন ও নিজেকে বিকশিত করতে নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ ধরনের পাঠচক্র শিক্ষার্থীদের মধ্যে সেই অভ্যাস তৈরিতে ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম বলেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের নিয়মিত আয়োজনের বাইরে এসে কোনো বিশ্ববিদ্যালয়ে এটি তাদের প্রথম পাঠচক্র। নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় কবিকে নিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয় পর্যায়ে এমন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান মাওলা প্রিন্সের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র আয়োজনের সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীরা উপন্যাসটি পড়ে এসে আলোচনায় অংশ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান।

মূল আলোচনায় অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা বলেন, নজরুলের সাহিত্য মূল্যায়নে সুশীল কুমার গুপ্তের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে উপন্যাসিক হিসেবে নজরুলের সাহিত্যকর্ম যথাযথভাবে আলোচিত হয়নি। অনেকেই তাঁকে কবি ও গীতিকার হিসেবে চিনলেও তাঁর উপন্যাসিক গুণাবলি নিয়ে তেমন আলোচনা করেন না। ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের মধ্য দিয়ে নজরুলের উপন্যাস রচনার দক্ষতা ও নৈপুণ্যের পরিচয় পাওয়া যায়।

পাঠচক্রজুড়ে শিক্ষার্থীরা ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের বিভিন্ন প্রেক্ষাপট ও বিষয়বস্তু নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি উপন্যাসটি নিয়ে নানা প্রশ্ন করেন তাঁরা। শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগমসহ উপস্থিত শিক্ষকরা।

এ ছাড়া উপন্যাসটি নিয়ে গভীর ও ভিন্নধর্মী চিন্তাভাবনা তুলে ধরা শিক্ষার্থীদের জাতীয় গ্রন্থকেন্দ্রের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।