তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ তৈরি, নতুন ব্যবসায়িক ধারণার বিকাশ এবং স্টার্টআপ গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ সামিট (বিওয়াইইএস) ২০২৬।
বৈশ্বিক প্রতিপাদ্য ‘বিশ্বের প্রয়োজন তোমার গড়ে তোলা উদ্যোগ’ সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে এ সামিটের আয়োজন করা হয়। গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক বাংলাদেশ ২০২৬-এর অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা, অভিজ্ঞ ব্যবসায়ী এবং বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা অংশ নেন।
সামিটে উদ্যোক্তাদের প্রতিষ্ঠাতা হিসেবে পথচলা, বিশ্ববিদ্যালয় থেকে স্টার্টআপ গড়ে তোলা, ব্যবসার সম্প্রসারণ, অর্থায়ন এবং নতুন উদ্যোগ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড় কোনো ব্যবসা বা প্রতিষ্ঠানের যাত্রা সাধারণত একটি ছোট ধারণা থেকেই শুরু হয়। তবে সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন সাহস, ধৈর্য, সততা ও অধ্যবসায়। উদ্যোক্তা হওয়ার পথে নানা বাধা এলেও লক্ষ্য থেকে সরে না গিয়ে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন তাঁরা।
বক্তারা আরও বলেন, সফল উদ্যোক্তা হওয়ার জন্য শুধু ভালো ব্যবসায়িক ধারণা থাকলেই চলে না। প্রয়োজন ঝুঁকি নেওয়ার মানসিকতা, পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা এবং ধারাবাহিকভাবে শেখার আগ্রহ।
বিশ্ববিদ্যালয় পর্যায় থেকেই শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিক্ষার্থীরা যেন শুধু চাকরির প্রত্যাশী না হয়ে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন, সে জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে শ্রেণিকক্ষের বাইরেও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
সামাজিক উদ্যোক্তা কার্যক্রমের বিষয়টিও আলোচনায় বিশেষ গুরুত্ব পায়। বক্তারা মনে করেন, ব্যবসার উদ্দেশ্য কেবল মুনাফা অর্জন হওয়া উচিত নয়; বরং সমাজের সমস্যা সমাধান এবং মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাও উদ্যোক্তাদের অন্যতম লক্ষ্য হওয়া প্রয়োজন।
এ ছাড়া স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে আন্তর্জাতিক বাজারের সংযোগ বাড়ানো, যথাযথ দিকনির্দেশনা ও অংশীদারত্ব নিশ্চিত করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
প্রতিযোগিতামূলক বাজারে ব্র্যান্ড প্রতিষ্ঠা, বিশেষ করে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নিজেদের লক্ষ্যে অবিচল থাকার বিষয়গুলোও উঠে আসে। পাশাপাশি ব্যবসায়িক পরিকল্পনা, কৌশল নির্ধারণ, শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।
প্রাথমিক পর্যায়ের স্টার্টআপগুলোর জন্য ইনকিউবেশন, মেন্টরশিপ ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। তরুণ উদ্যোক্তাদের ছোট পরিসরে উদ্যোগ শুরু করা, দ্রুত নিজেদের ব্যবসায়িক ধারণা যাচাই করা এবং অভিজ্ঞদের পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।
আয়োজকদের মতে, একটি ভালো ধারণা উদ্যোক্তা হওয়ার যাত্রার সূচনা মাত্র। টেকসই ব্যবসা গড়ে তুলতে প্রয়োজন দৃঢ়তা, বিচক্ষণ সিদ্ধান্ত, পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা এবং নিয়মিত শেখার মানসিকতা। এ ধরনের আয়োজন তরুণদের অভিজ্ঞ উদ্যোক্তাদের কাছ থেকে সরাসরি শেখার পাশাপাশি নিজেদের উদ্যোগ গড়ে তোলার অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল বিজনেস সেন্টার শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবকদের মধ্যে সামাজিক উদ্যোক্তা কার্যক্রম এবং ইতিবাচক প্রভাব সৃষ্টিকারী উদ্যোগকে উৎসাহিত করে। গ্লোবাল বাংলাদেশি চেম্বার অব কমার্স আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে কাজ করছে। অন্যদিকে, জেন বাংলাদেশ গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্কের জাতীয় শাখা হিসেবে দেশে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইকের কার্যক্রম পরিচালনা করে।









