জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের আওতাধীন পাঁচটি স্থানীয় সংগঠনের ৬০ জনের বেশি সদস্যকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জেসিস কানেক্ট’। জেসিআই ঢাকা এইস, জেসিআই ঢাকা অ্যাসপায়ার, জেসিআই ঢাকা ফাউন্ডার্স, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা নর্থের সদস্যরা এ আয়োজনে একত্রিত হন।

আয়োজনের মূল লক্ষ্য ছিল বিভিন্ন স্থানীয় সংগঠনের সদস্যদের মধ্যে পরিচিতি বাড়ানো, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যতে যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি করা। অনুষ্ঠানে সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগির পাশাপাশি অভিন্ন আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতা নিয়ে মতবিনিময় করেন।

আয়োজনে পাঁচটি স্থানীয় সংগঠনের ২০২৬ সালের সভাপতিদের উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করা হয়। তাঁরা হলেন জেসিআই ঢাকা এইসের শান্ত জোয়ারদার, জেসিআই ঢাকা অ্যাসপায়ারের শেখ সাদমান আল ওয়াসিউ, জেসিআই ঢাকা ফাউন্ডার্সের আফসানা রহমান, জেসিআই ঢাকা হেরিটেজের গাজী সানি ইসনাইন এবং জেসিআই ঢাকা নর্থের রাজু আলা।

citytouch 728-X-90

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় সহসভাপতি ও ২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটির পরিচালক খন্দকার নাসিফ আখতার, ২০২৬ সালের জেসিআই ইন বিজনেস কমিটির সভাপতি রিমাজ খান, জাতীয় নির্বাহী সহসভাপতি খন্দকার নায়েমুল হাসান ও মুকুল আলম।

এ ছাড়া ২০২৬ সালের জাতীয় সভাপতি আরেফিন রাফি আহমেদ, জেসিআই ইন বিজনেস কমিটির উপদেষ্টা জিয়াউল হক ও শেখ মতিউর রহমানসহ জাতীয় বোর্ডের সদস্যরা আয়োজনটির প্রতি সমর্থন জানান।

আয়োজকদের মতে, ‘জেসিস কানেক্ট’ ভবিষ্যতে জেসিআই সদস্যদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি নতুন উদ্যোগ এবং যৌথভাবে কাজ করার সম্ভাবনা তৈরি করবে। আয়োজনটির মূল বার্তা ছিল পরিচিত হোন, সংযুক্ত হোন, এগিয়ে যান।

আয়োজনের মূল বার্তা ছিল—Meet. Connect. Grow.