পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়।

সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক অভিযোগ করেন, ‘বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে।’ তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ডাকসুর ভিপি সাদিক কায়েমও ফেসবুক পোস্টে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।

এর আগে সোমবার বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির মিছিলের প্রস্তুতির সময় একদল মুখোশধারী গুলি চালায়। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন; তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, তিনি ঢাকায় আছেন, ঘটনার কিছুই জানেন না; তাঁর দাবি, বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয়দের বিরোধের জেরেই গুলি ও হামলা হয়েছে, এখানে জামায়াতের কোনো বিষয় নেই। ঈশ্বরদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনও বলেছেন, অগ্নিকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নন।