নিবন্ধন অধিদপ্তর এবং এর অধীন জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে দৈনিক মজুরিভিত্তিক কর্মরত অফিস সহায়ক, পরিচ্ছন্নতাকর্মী ও নিরাপত্তাকর্মীদের মজুরি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ তিন শ্রেণির কর্মচারীর দৈনিক মজুরি সর্বোচ্চ ৮০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এ বিষয়ে অর্থ বিভাগের সচিবের সম্মতি চেয়ে গত ১০ নভেম্বর একটি চিঠি পাঠিয়েছে আইন ও বিচার বিভাগ। বিচার শাখা-৬ থেকে জারি করা ওই চিঠিতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাসুদ আলী।
বর্তমানে মজুরি পাচ্ছেন খুবই কম
চিঠি অনুযায়ী, নিবন্ধন অধিদপ্তর এবং এর অধীন বিভিন্ন কার্যালয়ে বর্তমানে দৈনিক মজুরিভিত্তিক ৫৭৬ জন অফিস সহায়ক, ৩১৫ জন পরিচ্ছন্নতাকর্মী এবং ২৬৯ জন নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন।
তাদের মধ্যে অফিস সহায়কেরা দৈনিক ৬০ টাকা, পরিচ্ছন্নতাকর্মীরা ৮০ টাকা এবং নিরাপত্তাকর্মীরা ১২০ টাকা মজুরি পান।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে অতি সামান্য মজুরিতে কাজ করায় এসব কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। তাদের আর্থিক ও মানবিক দিক বিবেচনায় নিয়ে মজুরি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
কোন এলাকায় কত টাকা মজুরির প্রস্তাব
প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা প্রতিদিন ৮০০ টাকা পাবেন। বিভাগীয় শহর ও অন্যান্য সিটি করপোরেশন এলাকায় দৈনিক মজুরি নির্ধারণের প্রস্তাব করা হয়েছে ৭৫০ টাকা।
অন্যদিকে, জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ে কর্মরত কর্মচারীদের জন্য দৈনিক ৭০০ টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের সম্মতির অপেক্ষা
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৫ সালের ২২ মে জারি করা পরিপত্রের আলোকে নতুন মজুরির হার নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে অর্থ বিভাগের সদয় সম্মতি চেয়েছে আইন ও বিচার বিভাগ।
চিঠির সঙ্গে সংশ্লিষ্ট প্রস্তাবের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রও সংযুক্ত করা হয়েছে। অর্থ বিভাগের সম্মতি পাওয়া গেলে নিবন্ধন অধিদপ্তর ও এর অধীন কার্যালয়গুলোতে কর্মরত দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের মজুরি বাড়ানোর পরবর্তী প্রক্রিয়া শুরু হতে পারে।
তবে প্রস্তাবিত নতুন মজুরির হার এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগের সম্মতির পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কার্যকর হবে।








