সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাড়তে পারে শীতের অনুভূতি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বিরাজ করছে। এর প্রভাবে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের ছয় বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

রাতের তাপমাত্রা কমার পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ সময় সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমার পূর্বাভাস দেওয়া হয়েছে।

ছয় বিভাগে বৃষ্টির সম্ভাবনা

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর প্রভাবে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

আগামী কয়েক দিনের আবহাওয়া

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী পাঁচ দিনেও আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর।