জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭টার দিকে জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলোর তালা খোলা হয়। প্রায় পাঁচ মাস পর খোলা এসব দানবাক্সে পাওয়া যায় ৫১ বস্তা টাকা।
সকাল সাড়ে ৯টায় প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্সে ৫১ বস্তা টাকা পাওয়ার তথ্য নিশ্চিত করেন। এরপর শুরু হয় গণনা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ১০ কোটি টাকা গণনা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
গণনা কার্যক্রমে অংশ নিয়েছেন জামিয়া ইমদাদিয়া মাদরাসার ৩০০, পাগলা মসজিদ মাদরাসার ৯০ শিক্ষার্থী, রূপালী ব্যাংকের ১৫০ কর্মকর্তা, মসজিদের ৩৫ কর্মচারী এবং জেলা প্রশাসনের ২৪ কর্মচারী। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সাত সদস্যের একটি উপকমিটি এ কার্যক্রম পরিচালনা করছে।
গণনা নির্বিঘ্ন করতে দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪০ জন পুলিশ সদস্য, আটজন এসআরবি সদস্য এবং ১০ জন ব্যাটালিয়ন আনসার সদস্য।
এর আগে, চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। টাকার পাশাপাশি সেবারও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার।
মসজিদের দান থেকে পাওয়া অর্থ বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
প্রায় আড়াইশ বছরের পুরোনো পাগলা মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে তিন একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ধর্ম-বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে মসজিদটি একটি পরিচিত আধ্যাত্মিক স্থান। মানুষের বিশ্বাস, এখানে মানত করলে মনের বাসনা পূরণ হয়। এ বিশ্বাস থেকে অনেকে অর্থ, স্বর্ণালংকারসহ বিভিন্ন সামগ্রী দান করেন।
দুরবীন-নিউজ/আবা









