নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার ঘটনার জেরে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িসহ ৮ থেকে ১০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

সন্ধ্যায় উপজেলার বেন্দারচর এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে একপর্যায়ে সাবেক সংসদ সদস্যের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে হামলা চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন বের করেন। শোডাউনটি উপজেলার বেন্দারচর বটতলা এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনুর মোল্লা এবং জাসাসের কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক সোহেল মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

দুই বিএনপি নেতার মৃত্যুর পর নড়াইলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করতে পারেনি পুলিশ।