সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত দিয়ে পাথর সংগ্রহ করতে গিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশের অভিযোগে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ২টার দিকে মরকিটিলা এলাকার ১২৬৩/৭ এস পিলারসংলগ্ন ভারতের অভ্যন্তর থেকে তাঁকে আটক করা হয়। শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্য শ্রমিকদের সঙ্গে জিরো পয়েন্টের কাছে পাথর সংগ্রহ করতে যান শাহরিয়ার। একপর্যায়ে পাথর আনতে গিয়ে তাঁরা সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। বিএসএফের ধাওয়া খেয়ে অন্যরা বাংলাদেশে ফিরে এলেও শাহরিয়ার আটক হন।

শাহরিয়ারের বাবা মনির মিয়া জানান, তাঁর ছেলে কানে কম শোনেন। সকালে তাঁকে হাদারপার বাজারের একটি দোকানে পাঠানো হয়েছিল। পরে তিনি পাথর সংগ্রহ করতে মরকিটিলা এলাকায় চলে যান এবং অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করেন। ছেলেকে ফেরত আনার বিষয়ে তিনি বিজিবির সঙ্গে যোগাযোগ করেছেন বলেও জানান।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বলেন, অবৈধভাবে পাথর উত্তোলনের উদ্দেশ্যে ওই যুবক ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন। এ কারণে বিএসএফ তাঁকে আটক করেছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিছনাকান্দি সীমান্তের পর্যটন এলাকায় বিএসএফের এক সদস্য বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশ করে এক পর্যটককে গালিগালাজ করেছেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় বিজিবি এক বিএসএফ সদস্যকে দুটি অস্ত্রসহ আটক করে। পরে একই দিন সন্ধ্যা ৭টার দিকে ১২৬৩ নম্বর পিলারসংলগ্ন জিরো পয়েন্টে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁকে ফেরত দেওয়া হয়।