সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে নতুন নির্দেশনা জারি করেছে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)।

নতুন নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের ক্ষেত্রে আইবাস++ (iBAS++) সিস্টেমের ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়মাবলি স্পষ্ট করা হয়েছে।

কেন নতুন নির্দেশনা?

অফিস আদেশে বলা হয়েছে, বকেয়া পেনশন পরিশোধ-সংক্রান্ত আইবাস++ সিস্টেমের কার্যক্রম উন্নত করার কাজ চলছে। এ কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন ভাতা পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে।

তবে পেনশনভোগীদের ভোগান্তি কমানো এবং বকেয়া পরিশোধ কার্যক্রম সচল রাখতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এই সেবা চালু রাখার ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট দপ্তরগুলোর জন্য নির্দেশনা

সিস্টেম উন্নয়নের কাজ চলাকালে ‘Arrear Certification’ অপশন ব্যবহারের জন্য হিসাবরক্ষণ কার্যালয়গুলোকে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।

উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (UAO) এবং জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (DAFO) কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি না পাঠিয়ে সংশ্লিষ্ট বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (DCA) কার্যালয়ের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

অন্যদিকে, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (CAFO) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক (DCA) কার্যালয়গুলো সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয় বরাবর পত্র পাঠাতে পারবে।

ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার, বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক, জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ের ওয়েবসাইট www.pension.gov.bd অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।