রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এ নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে কিংবা ক্রয়-বিক্রয়ের সঠিক হিসাব সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার নিশ্চিত করতে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক, ফার্মাসিস্ট ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ ওভার দ্য কাউন্টার (ওটিসি) পদ্ধতিতে বিক্রি ও বিতরণ করা যাবে না।

ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের অ্যান্টিবায়োটিকের ক্রয়-বিক্রয়ের তথ্য নির্ধারিত রেজিস্টারে যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। পাশাপাশি প্রতিটি বিক্রির বিপরীতে ক্রেতাকে বিক্রেতার স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো দিতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। লাল লেবেলযুক্ত মোড়ক ছাড়া এসব ওষুধের ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। রোগীদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করার বিষয়েও পরামর্শ দিতে হবে ফার্মাসিস্টদের।

সাধারণ মানুষের জন্য যেসব পরামর্শ

অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সাধারণ মানুষকেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা বা সেবন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওষুধ কেনার সময় মোড়কে উল্লেখ করা মেয়াদ যাচাই করতে হবে। পাশাপাশি বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। মাঝপথে ওষুধ সেবন বন্ধ করলে জীবাণুর মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা তৈরি হতে পারে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে।

এ ছাড়া মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি কিংবা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি কিংবা ক্রয়-বিক্রয়ের হিসাব সংরক্ষণে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

বডির উপশিরোনামটি বাদ দিনশিরোনামটি আরও সংক্ষিপ্ত করুন