ক্যানসারে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান। তার দাবি, রোগটি চতুর্থ পর্যায়ে পৌঁছেছে।

একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা জানান বিদেশে অবস্থানরত শামীম ওসমান।

টকশোতে তিনি বলেন, ‘আমি অসুস্থ, ক্যানসার হয়েছে। আমার ক্যানসার বলা হচ্ছে ফোর্থ স্টেজ।’

নিজের শারীরিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার কথা তুলে ধরে শামীম ওসমান বলেন, ‘কয়দিন বাঁচব, আমি জানি না। তবে আমার আল্লাহর ওপর বিশ্বাস আছে, আমি বাঁচব।’

ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর শুনে অনেকে খুশি হতে পারেন বলে মন্তব্য করেন তিনি। তবে এ নিয়ে কাউকে খুশি না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অতীতে নিজের ওপর একাধিকবার হামলা ও হত্যাচেষ্টার কথাও উল্লেখ করেন তিনি।

নিজের অসুস্থতার পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন সাবেক এই সংসদ সদস্য। তার দাবি, দেশের বর্তমান পরিস্থিতি তার ব্যক্তিগত অসুস্থতার চেয়েও বেশি উদ্বেগজনক। দেশের বিভিন্ন স্থানে নির্যাতন, সহিংসতা এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ওপর হামলার অভিযোগও করেন তিনি।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, একসময় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ গোপালগঞ্জের চেয়েও শক্তিশালী ছিল। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, কোটাভিত্তিক রাজনীতি ও পকেট কমিটির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে। কেন্দ্রের ভুলের পাশাপাশি বিভাজনের রাজনীতিও দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।

এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শামীম ওসমান। তিনি বলেন, আল্লাহ তাঁকে বাঁচিয়ে রাখলে শেখ হাসিনার দেশে ফেরার ঘটনা দেখে কৃতজ্ঞ থাকবেন। আর বেঁচে না থাকলে সেই আফসোস থেকে যাবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর শামীম ওসমান দেশ ছেড়ে বিদেশে অবস্থান করছেন। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে এবং এসব মামলার বিচারপ্রক্রিয়া চলমান।