বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক নারী কর্মকর্তাকে কর্মস্থলে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে ধরার অভিযোগ উঠেছে বিমান কেবিন ক্রু ইউনিয়নের সভাপতি ফিরোজ মিয়া আবীরের বিরুদ্ধে। এ ঘটনায় লিখিত অভিযোগ দেওয়ার দুই মাস পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। উল্টো অভিযুক্তের সঙ্গে আপসের অনুরোধ জানানোর অভিযোগ উঠেছে বিমানের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে।

কর্মস্থলে অনাকাঙ্ক্ষিত ও অশালীন আচরণের প্রতিকার চেয়ে বিমানের গ্রাহকসেবা পরিচালক বদরুল হাসান লিটনের কাছে লিখিত আবেদন করেন ওই নারী কর্মকর্তা। আবেদনে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ফ্লাইট সার্ভিস বিভাগের কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন ওই নারী কর্মকর্তা। এ সময় ফিরোজ মিয়া আবীর তাঁকে পাশের একটি প্রশিক্ষণকক্ষে যাওয়ার অনুরোধ করেন। ওই নারী কর্মকর্তা নিজের কর্মস্থলেই প্রয়োজনীয় কথা বলতে বললেও অভিযুক্ত তাঁকে কক্ষে যাওয়ার জন্য বারবার অনুরোধ করেন।

পরে দায়িত্বশীল সহকর্মী মনে করে তিনি ওই কক্ষে যান। অভিযোগ অনুযায়ী, কক্ষটিতে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। সেখানে প্রবেশের পর কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত তাঁকে শারীরিকভাবে জড়িয়ে ধরেন। এতে বিব্রত হয়ে তিনি নিজেকে ছাড়িয়ে কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং কয়েকজন সহকর্মীকে বিষয়টি জানান।

ভুক্তভোগী অভিযোগপত্রে আরও উল্লেখ করেন, ঘটনার সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে তাঁদের জানাতে পারেননি। পরে ফ্লাইট সার্ভিসের ব্যবস্থাপকসহ সংশ্লিষ্টদের মৌখিকভাবে বিষয়টি অবহিত করেন। এ ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও আবেদনে উল্লেখ করেন।

তবে ঘটনার দুই মাস পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। উল্টো গ্রাহকসেবা পরিচালক বদরুল হাসান লিটন ভুক্তভোগীকে অভিযুক্তের সঙ্গে আপস করার অনুরোধ জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বদরুল হাসান লিটন বলেন, “তদন্ত চলছে, এখন কিছু বলা যাচ্ছে না।”

লিখিত আবেদনে ওই নারী কর্মকর্তা ঘটনাটিকে কর্মক্ষেত্রের মর্যাদা, পেশাগত আচরণ ও নিরাপদ কর্মপরিবেশের পরিপন্থী বলে উল্লেখ করেন। একই সঙ্গে ঘটনার যথাযথ তদন্ত করে প্রযোজ্য বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।