বিকেল হলেই যে মাঠে ছোট ছোট পায়ের ছোটাছুটি, বলের পেছনে ছুটে চলা আর নির্মল হাসির কলরোলে ভরে ওঠে চারপাশ, সেই মাঠেই এবার বসতে যাচ্ছে বাণিজ্য মেলার আসর। ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের একমাত্র খেলার মাঠটি ঘিরে মেলার প্রস্তুতির খবরে শিক্ষার্থীদের মনে জমেছে উদ্বেগ, কণ্ঠে ঝরছে ক্ষোভ। শিশুদের খেলার জায়গা কেড়ে নিয়ে বাণিজ্যের আয়োজন কতটা যুক্তিসংগত, সে প্রশ্ন এখন বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মুখে মুখে।

শুধু শিশুদের খেলাধুলাই নয়, মাঠটি ভোলা শহরের মানুষের কাছে আরও বড় এক আশ্রয়ের নাম। প্রতিদিন ভোরে ও বিকেলে শহরের পরিচিত মুখেরা এখানে হাঁটতে আসেন। শহরের সবচেয়ে পরিচিত নির্মল বাতাসের বিনোদনকেন্দ্র হিসেবেও এই মাঠের খ্যাতি আছে। মেলার আয়োজনের কারণে সেই স্বস্তির পরিবেশে এখন বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়, তালহা, সামিক, হিরা ও নাফিজ আহম্মেদ এবং প্রাক্তন শিক্ষার্থী আকিল তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাঁদের প্রশ্ন, শিশুদের খেলাধুলার জন্য থাকা একমাত্র মাঠটি মেলার কাজে ব্যবহার করা কতটা সংগত। তাঁদের আশঙ্কা, এতে শিক্ষার্থীদের খেলাধুলার পরিবেশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে।

শিক্ষার্থীরা জানান, ডিসেম্বরেই তাঁদের বার্ষিক পরীক্ষা, আর জানুয়ারিতে রয়েছে নানা খেলাধুলার প্রতিযোগিতা। প্রস্তুতির এই সময়ে মাঠটিই যদি মেলার দখলে চলে যায়, তাহলে তাঁরা খেলবেন কোথায়? তাঁদের অভিযোগ, মাঠে মেলার আয়োজন হলে মাঠটি বড় ধরনের ক্ষতির শিকার হয়। মেলা শেষে সেই ক্ষতবিক্ষত মাঠে খেলতে গিয়ে অনেককেই হাত-পা কেটে যাওয়ার কষ্ট সইতে হয়। তাই মেলার স্থান পরিবর্তনের দাবিতে তাঁরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে আইনি ও প্রশাসনিক নির্দেশনার প্রশ্নটিও সামনে এসেছে। বাণিজ্য মন্ত্রণালয় ২০২৪ সালের ২৪ জুন ‘মেলা পরিপত্র-২০২৪’ জারি করেছে, যা কার্যকর হয়েছে ওই বছরের ১ জুলাই থেকে। এই পরিপত্রে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বাণিজ্য মেলার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। ফলে শিশুদের খেলার মাঠে মেলার আয়োজনের উদ্যোগ এই নির্দেশনার সঙ্গে কতটা সংগতিপূর্ণ, সে প্রশ্নও উঠছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে তাঁর কাছে একটি চিঠি পাঠানো হয়েছিল। জবাবে তিনি জেলা প্রশাসককে লিখিতভাবে জানিয়েছেন, মাঠটি শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি বার্ষিক পরীক্ষা এবং নতুন বছরের বই বিতরণের কাজেও ব্যবহৃত হয়।

অন্যদিকে, মেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আব্দুল্লাহ ট্রেডার্সের প্রতিনিধি ও মেলার পরিচালক মাহাবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি কয়েকজন গণমাধ্যমকর্মীর নাম উল্লেখ করে জানান, তাঁদের সঙ্গে কথা হয়েছে। একই সঙ্গে সবাইকে নিয়ে বসার আগ্রহের কথাও জানান তিনি।

ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান গণমাধ্যমকে জানান, মেলার জন্য এখনো কোনো অনুমতি দেওয়া হয়নি। বিভিন্ন সংস্থার কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়েছে এবং সেসব তথ্য হাতে পাওয়ার পরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে শিশুদের খেলাধুলার অধিকার, শহরবাসীর স্বস্তির পরিবেশ ও শিক্ষার সুস্থ পরিবেশ রক্ষায় মাঠটি মেলার জন্য ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীরা। তাঁদের প্রত্যাশা, ছোট ছোট স্বপ্ন আর খেলার আনন্দে ভরা এই মাঠটি যেন শিশুদের কাছেই থাকে।