সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৭২ জনকে ট্রলারে তুলে চার দিন বঙ্গোপসাগরে ঘুরিয়েছে মানব পাচারকারী একটি চক্র। শেষ পর্যন্ত তাঁদের মালয়েশিয়ায় না নিয়ে গভীর রাতে কক্সবাজার সমুদ্রসৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা।
শুক্রবার মধ্যরাতে কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্ট থেকে ২৮ জনকে উদ্ধার করেছে পুলিশ। বাকি যাত্রীরা সৈকতে নেমে বিভিন্ন দিকে পালিয়ে যান। উদ্ধার হওয়া ব্যক্তিদের বেশির ভাগই রোহিঙ্গা নাগরিক। মালয়েশিয়া যাওয়ার আশায় প্রত্যেকে দালালদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে দিয়েছিলেন।
উদ্ধার হওয়া ব্যক্তিদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সোমবার টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া নৌঘাট থেকে ছোট কয়েকটি মাছ ধরার নৌকায় করে ৭২ জনকে গভীর সাগরে নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমাণ একটি বড় কাঠের ট্রলারে তাঁদের তুলে দেওয়া হয়। ওই রাতেই মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রলারটি। তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠলে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি উপকূলে অবস্থান নেয়।
এদিকে বৃহস্পতিবার রাতে যাত্রীদের মালয়েশিয়ায় নিয়ে যাওয়া নিয়ে ট্রলারের মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে শুক্রবার রাতে ট্রলারটি কক্সবাজার সৈকতে নিয়ে আসেন মাঝিমাল্লারা। পরে যাত্রীদের পানিতে নেমে চলে যেতে বলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১১টার দিকে ট্রলারটি লাবণী পয়েন্টে ভিড়লে হইচই শুরু হয়। এ সময় ট্রলারে থাকা নারী-পুরুষেরা কোমরসমান পানিতে ঝাঁপ দিয়ে সৈকতে উঠে আসেন। কেউ কেউ পাশের ঝাউবাগানে আশ্রয় নেন। পরে কয়েকটি দল শহরের দিকে চলে যায়।
খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ২৮ জনকে উদ্ধার করে। তবে ট্রলারটি সৈকতে রেখেই মাঝিমাল্লা ও দালাল চক্রের সদস্যরা পালিয়ে যান।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে ট্রলারে তুলে যাত্রীদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল। কিন্তু বিরোধের জেরে তাঁদের গভীর রাতে কক্সবাজার সৈকতে নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালাল চক্র।
উদ্ধার হওয়া ২৮ জনের মধ্যে ২৫ জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু। তাঁদের বেশির ভাগ রোহিঙ্গা নাগরিক। অন্যরা কক্সবাজারের টেকনাফ, বান্দরবানের নাইক্ষ্যংছড়িসহ দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।
ওসি আরও জানান, উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর রোহিঙ্গাদের আশ্রয়শিবিরে এবং বাংলাদেশি নাগরিকদের তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাচারের কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। পালিয়ে যাওয়া দালালদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া টেকনাফ সদর ইউনিয়নের কচুবনিয়া গ্রামের বাসিন্দা মো. ইলিয়াছ জানান, ১৬ নভেম্বর সন্ধ্যায় মিঠাপানির ছড়া নৌঘাট থেকে তাঁকে আরও ১৬ জনের সঙ্গে ছোট নৌকায় তুলে গভীর সাগরে নেওয়া হয়। পরে তাঁদের একটি বড় ট্রলারে তোলা হয়। ওই ট্রলারে আগে থেকেই ৪০ জনের বেশি নারী-পুরুষ ছিলেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, ৭২ জন যাত্রী নিয়ে ট্রলারটি মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। তবে সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছানোর পর মাঝিমাল্লা ও দালালদের মধ্যে বিরোধ শুরু হয়। সেই বিরোধের জেরেই শেষ পর্যন্ত তাঁদের কক্সবাজার সৈকতে নামিয়ে দেওয়া হয়। ট্রলারে মাঝিমাল্লা ও দালালসহ মোট ১৭ জন ছিলেন।








