চট্টগ্রামের রাউজানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই বিএনপি নেতাকে দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।
অভিযুক্ত ছাত্রলীগ নেতার বাবা কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তাঁর ছেলে ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে রাউজান পৌরসভার ছত্তারঘাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন নেতা-কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হয়েছে। তিনি কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে সজীব উদ্দিন চৌধুরী। মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এদিকে একই দিন দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে নাশকতার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়। পরে পুলিশ জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল ও একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাস্থলে গুলি ছোড়া হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাউজান উপজেলা যুবদলের পক্ষ থেকে জানানো হয়, এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নেন। তবে তাঁদের পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতারা। তাঁরা জানান, রাউজানের প্রবেশমুখ ছত্তার ব্রিজ এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে দুর্বৃত্তরা। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে তাঁরা মাঠে রয়েছেন।
অন্যদিকে ছেলের ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দেওয়ার বিষয়টি সামনে আসার পর বিএনপি নেতা সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কদলপুর ইউনিয়ন বিএনপি।
ইউনিয়ন বিএনপির একাংশের আহ্বায়ক জানান, সেলিম উদ্দিন চৌধুরী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সমন্বয়ক ছিলেন। এর আগে তিনি যুবদলের দায়িত্বেও ছিলেন। তাঁর ছেলের কর্মকাণ্ডের বিষয়ে আগেও তাঁকে কয়েকবার সতর্ক করা হয়েছিল এবং এসব কার্যক্রম থেকে ছেলেকে বিরত রাখতে বলা হয়েছিল।
কিন্তু তিনি তা করতে ব্যর্থ হওয়ায় সোমবারের ঘটনার পর তাঁকে কার্যত দলীয় সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরবর্তী দলীয় সভায় তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বিএনপি নেতার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।









