গোপালগঞ্জের মুকসুদপুরে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে এমপির ব্যক্তিগত গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অক্ষত রয়েছেন। দুর্ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং ১৫ থেকে ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরইতলায় একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। এ সময় বরিশালগামী ডলফিন পরিবহনের একটি বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোতে আঘাত করলে একে একে ১৫ থেকে ২০টি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়।

ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে এমপির গাড়িবহরের কয়েকটি গাড়ি, বাস, ব্যাটারিচালিত ইজিবাইক ও মোটরসাইকেল রয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সংঘর্ষে সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও তিনি অক্ষত আছেন।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ভাঙা হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।