শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও কারখানায় ভাঙচুরের ঘটনায় তৈরি পোশাকশিল্পে অস্থিরতা বাড়ছে। পরিস্থিতির উন্নতি না হলে আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ২১০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকেরা। এ বিষয়ে শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর জরুরি সাধারণ সভায় (ইজিএম) চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ ও ভাঙচুর অব্যাহত থাকলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা প্রয়োগ করে কারখানা বন্ধের বিষয়টি বিবেচনা করছেন মালিকেরা। এ সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের কর্মসংস্থান ও আয় নিয়ে অনিশ্চয়তা বাড়তে পারে।
স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম জানান, বৈঠকে উপস্থিত নেতাদের পরামর্শ অনুযায়ী ২১০টি কারখানা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। শনিবারের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, মজুরি নিয়ে আলোচনা চললেও কারখানায় বিশৃঙ্খল পরিস্থিতি চলতে পারে না। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিল্পের স্বার্থে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মজুরি বোর্ডের আলোচনায় আন্তরিকভাবে অংশ নেওয়ার কথাও জানান তিনি।
শিল্পমালিকদের তথ্যমতে, বুধবার আশুলিয়া, জামগড়া ও হেমায়েতপুর এলাকার ১৪৩টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। অনেক শ্রমিক হাজিরা দিয়েও কাজে যোগ দেননি। কেউ কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন, কেউ কর্মবিরতি পালন করেছেন। কয়েকটি কারখানায় ভাঙচুরের ঘটনাও ঘটেছে। কোনো কোনো প্রতিষ্ঠানে টানা ১১ দিন উৎপাদন বন্ধ রয়েছে।
এরই মধ্যে সাভার ও আশুলিয়ার সাতটি কারখানা ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অরুণিমা গ্রুপের তিনটি, নিউএজ গ্রুপের তিনটি এবং জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের একটি কারখানা রয়েছে।
মজুরি ৩০ হাজার টাকা করার দাবি
পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের অন্যতম প্রধান দাবি, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা কার্যকর হয়।
গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত এবং জানুয়ারি থেকে তা কার্যকরের বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা একমত হন।
৯ নভেম্বর দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাব জমা দেয়। এতে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। গ্রেডভিত্তিক প্রস্তাবে প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা চাওয়া হয়েছে।
মালিকপক্ষ ওই সভায় প্রস্তাব জমা না দিয়ে সময় চায়। বোর্ড তাদের চার কর্মদিবসের মধ্যে প্রস্তাব দিতে বলেছে। বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানিয়েছেন, মালিকপক্ষ প্রস্তাব না দিলেও ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হবে।
শ্রম আইনের ১৩(১) ধারায় কী আছে
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী, কোনো প্রতিষ্ঠানের নির্দিষ্ট শাখা বা বিভাগে বেআইনি ধর্মঘট হলে মালিক ওই শাখা কিংবা প্রয়োজনে পুরো প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করতে পারেন। এ ধরনের বন্ধের সময় ধর্মঘটে অংশ নেওয়া শ্রমিকেরা মজুরি পাবেন না।
ফলে ধারাটি প্রয়োগ করা হলে শ্রমিকদের আয় ও জীবিকার ওপর সরাসরি প্রভাব পড়তে পারে।









