মস্তিষ্কে ক্যানসার ধরা পড়ার পর দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচারের মধ্য দিয়ে কঠিন সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। দেশে ও ভারতে চিকিৎসা নেওয়ার পর এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন তিনি। গত অক্টোবরে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
দীর্ঘ আট মাস পর সম্প্রতি ফেসবুক লাইভে এসে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তানিয়া। অসুস্থতার শুরু, চিকিৎসা ও শুটিংয়ে ফিরে আসার অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
যেভাবে ধরা পড়ে ক্যানসার
তানিয়া জানান, অসুস্থতার শুরুতে তেমন কোনো লক্ষণ বুঝতে পারেননি। ‘দাদির আদর’ নাটকের শুটিংয়ের সময় কিছুটা মাথাব্যথা হলেও সেটিকে স্বাভাবিক ভেবেছিলেন।
তাঁর ভাষ্য, টানা চার দিন শুটিংয়ের সময় মাথাব্যথা কখনো বাড়ছিল, কখনো কমছিল। পঞ্চম দিন সকালে ব্যথা তীব্র হওয়ার পাশাপাশি বমি শুরু হয়। সেদিনই হাসপাতালে ভর্তি হন তিনি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ষষ্ঠ দিনে জানতে পারেন, তাঁর মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে।
শুটিং করতে গিয়ে অসুস্থ হওয়ার খবরটিও সঠিক নয় বলে জানান অভিনেত্রী। তিনি বলেন, দীর্ঘ সময় শুটিং, বিরতিহীন কাজ ও সময়মতো খাবার খেতে না পারায় ক্লান্ত হয়ে পড়েছিলেন।
আরও দুই মাস চলবে কেমোথেরাপি
অসুস্থতার পর দেশে অস্ত্রোপচার করান তানিয়া। পরে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়েও যেতে হয় তাঁকে। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে প্রতি মাসের শুরুতে কেমোথেরাপি নিচ্ছেন তিনি। আরও দুই মাস এই চিকিৎসা চলবে।
এ সময় নিয়মিত শুটিং করা সম্ভব হবে কি না, তা নিশ্চিত নন অভিনেত্রী। তিনি জানান, চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত কাজ সীমিত রাখতে চান। কেমোথেরাপি শেষ হলে চিকিৎসকের পরামর্শ মেনে আরও সতর্কভাবে চলাফেরা করবেন।
তানিয়া বলেন, শারীরিক কোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। একই সঙ্গে এখন থেকে দর্শকরা যেন তাঁর অসুস্থতার চেয়ে অভিনয়ের কাজ নিয়ে বেশি আলোচনা করেন, সেই প্রত্যাশাও জানিয়েছেন তিনি।
শুটিংয়ে ফিরে নতুন অনুভূতি
দীর্ঘ বিরতির পর আবার শুটিংয়ে ফেরার অভিজ্ঞতাকে নতুন করে ক্যারিয়ার শুরুর সঙ্গে তুলনা করেছেন তানিয়া। সহকর্মীদের সহযোগিতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি যখন প্রথম শুটিং করি, যখন আমি একদমই নতুন, অভিনয়ের কিছুই জানি না, শুধু প্যাশন আছে। সেই জায়গাটায় এবার চলে আসি। মনে হলো, নতুন করে আমার জন্ম হয়েছে। টিমের সবাই আমাকে সহায়তা করেছেন। সবার কাছে কৃতজ্ঞ। আমি সবার কাছে দোয়া চাই।’
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তানিয়া বৃষ্টি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে। ওই মাসেই অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ করা হয়। পরে ভারতের চেন্নাইয়ে আরও একটি অস্ত্রোপচার করাতে হয় তাঁকে। বর্তমানে কেমোথেরাপি চলছে।









