বলিউডে তিনি ‘বাদশা’। পর্দায় তাঁর দাপটে কাঁপে প্রতিপক্ষ। তবে বাড়িতে নাকি নিজের ইচ্ছেমতো কিছুই করতে পারেন না শাহরুখ খান। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে বিছানায় বসে খাওয়া সবকিছুতেই স্ত্রী গৌরী খানের নিয়ম মেনে চলতে হয় তাঁকে।

সম্প্রতি দুবাইয়ে নিজের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা তুলে ধরেন শাহরুখ। গত বুধবার (১১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন নির্মাতা করণ জোহর।

অনুষ্ঠানে শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, নিজের বাড়িতে এমন কী আছে, যেখানে তাঁর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই? উত্তরে অভিনেতা মজা করে বলেন, বাড়িতে আসলে তাঁর কিছুই করার স্বাধীনতা নেই।

বাড়ির সব সিদ্ধান্ত গৌরীর

শাহরুখ জানান, বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়াও নিষেধ। দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট কিংবা আলোর ব্যবস্থা—কোনো কিছু নিয়েই নিজের মত প্রকাশের সুযোগ নেই তাঁর।

অভিনেতার ভাষায়, পরিবারের সদস্যদের কাজ শুধু গৌরীর বাড়ির নকশার প্রশংসা করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বলতে হয়, গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছো!’

দুবাইয়ের নতুন প্রকল্পের বিলাসবহুল পেন্টহাউস নিয়েও একই ধরনের রসিকতা করেন শাহরুখ। সেটির নকশাও করেছেন গৌরী। অভিনেতা মজা করে জানান, বাড়ির বাইরে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ থাকলেও ঘরে ফিরলে সবাইকে গৌরীর নিয়ম মেনে চলতে হয়।

আসছে শাহরুখের ‘কিং’

এদিকে অভিনয়জীবনে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অভয় বর্মা। বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে শাহরুখ ও সুহানাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।