‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো’—পরিবারের কাছ থেকে পাওয়া এই অনুপ্রেরণাই এখন সামিরা খান মাহির সবচেয়ে বড় শক্তি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জয়ের পর এবার আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মাহির প্রত্যয়, তাঁর জয় মানেই বাংলাদেশের জয়।

শনিবার (৭ নভেম্বর) রাতে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। এই জয়ের মাধ্যমে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছেন তিনি।

বিজয়ী ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি, বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

বিশ্বমঞ্চে নতুন চ্যালেঞ্জ

মাহির এই বক্তব্যে ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান তুলে ধরার প্রত্যাশাও ফুটে উঠেছে। তাঁর কাছে এবারের প্রতিযোগিতা শুধু ব্যক্তিগত যোগ্যতা প্রমাণের সুযোগ নয়, বরং বিশ্বদরবারে বাংলাদেশকে তুলে ধরার একটি বড় মঞ্চ।

ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহির সামনে এবার নতুন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়তে হবে তাঁকে। বিশ্বমঞ্চে তিনি কতটা এগিয়ে যেতে পারেন, এখন সেই অপেক্ষায় তাঁর শুভাকাঙ্ক্ষীরা।