জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে সব ধরনের অশ্লীল বক্তব্য, অঙ্গভঙ্গি ও কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পরীমনি এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানায় এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে বলা হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশালীন অভিনয় ও অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষাগত মূল্যহীন নগ্ন কিংবা অর্ধনগ্ন নৃত্যসহ এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিতে হবে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে। অন্যথায় যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার নোটিশে অভিযোগ করেন, পরীমনি বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সামাজিক অস্থিরতা তৈরি করছেন এবং দেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য ক্ষুণ্ন করছেন। একজন চলচ্চিত্রশিল্পী হিসেবে তার কাছ থেকে সংযত ও দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত বলেও নোটিশে উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।