সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নিবন্ধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুরাও এনআইডি সেবার আওতায় আসবে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন।

শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইসি সূত্রে জানা গেছে, সম্প্রতি কমিশনের এক বৈঠকে অপ্রাপ্তবয়স্কদের এনআইডি নিবন্ধনের বিষয়টি আলোচনায় আসে। সেখানে ৬ থেকে ১৬ বছর বয়সি শিশুদের নিবন্ধন কার্যক্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শুরু করার প্রস্তাব দেওয়া হয়।

প্রস্তাব অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় থেকেই শিশুদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নিবন্ধনের উদ্যোগ নেওয়া হতে পারে। এর মাধ্যমে অল্প বয়স থেকেই নাগরিকদের জাতীয় পরিচয়সংক্রান্ত তথ্য সংরক্ষণের সুযোগ তৈরি হবে।

এ বিষয়ে কর্মশালা আয়োজনের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। কর্মশালায় আলোচনা ও পর্যালোচনার ভিত্তিতে সুপারিশ তৈরি করে কমিশনে উপস্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছে এনআইডি মহাপরিচালককে।

বর্তমানে ১৭ বছর বয়স থেকে জাতীয় পরিচয়পত্রের সেবা দিয়ে আসছে নির্বাচন কমিশন। তবে এর চেয়ে কম বয়সি নাগরিকদেরও এনআইডি নিবন্ধনের আওতায় আনার দাবি দীর্ঘদিনের। নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে অপ্রাপ্তবয়স্কদের নিবন্ধনের পথ আরও সহজ হতে পারে।

এদিকে সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন।