দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার জন্য আগামী দু-এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে। আর অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হতে পারে ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে।

শনিবার (৭ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রাথমিকভাবে ৪ ডিসেম্বর মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ওই তারিখে পরীক্ষা আয়োজন সম্ভব হচ্ছে না। এ ছাড়া ১১ ডিসেম্বর ৫১তম বিসিএসের লিখিত পরীক্ষা থাকায় ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সূচি সম্পর্কে তিনি জানান, আগামী দু-এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১৫ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন শুরু হতে পারে।

এদিকে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ১ ডিসেম্বর পুনঃপরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ওই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।