জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিক হয়রানির অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীলতা, হুমকি ও আপত্তিকর আচরণ থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পরীমনি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, সংলাপ, হুমকি, অশ্লীল অভিনয় ও আপত্তিকর অঙ্গভঙ্গি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া নোটিশে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরীমনিকে শোকজ নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব পদক্ষেপ নেওয়া না হলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। আদালত থেকে বের হওয়ার সময় এক সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া, গালিগালাজ ও মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।