অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি ও ‘বরবাদ’খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রেমের সম্পর্ক নিয়ে চলচ্চিত্রাঙ্গনে গুঞ্জন ছড়িয়েছে। তবে এ বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন দীঘি। তাঁর মতে, শোবিজ তারকাদের ঘিরে গুঞ্জন তৈরি হওয়া অস্বাভাবিক নয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দীঘি বলেন, তিনি এসব গুঞ্জনে কান দেন না, বিরক্তও হন না। তাঁর ভাষায়, “যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।”
দীঘি আরও বলেন, একজন গণমাধ্যমকর্মী বা শিল্পী হিসেবে তাঁকে ঘিরে নানা কথা ছড়াতে পারে। বিষয়টি স্বাভাবিকভাবে নেওয়া উচিত; এ নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই।
সম্প্রতি মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় ‘বিদায়’ সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও রয়েছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু ও মুকিত জাকারিয়া। এই সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্র ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বলে জানা গেছে। তবে সম্পর্কের বিষয়ে দীঘি কোনো নিশ্চিত বক্তব্য দেননি।









