সরকারি বিভিন্ন দপ্তরে অতিরিক্ত অর্থ ব্যয় করতে না হলে ব্যবসায়ীরা শ্রমিকদের মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন দিতে পারতেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ। তাঁর মতে, এসব ব্যয় কমিয়ে ব্যবসায়ীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস নিশ্চিত করা গেলে শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর সক্ষমতা তৈরি হতো।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নগরীর চাঁদমারি এলাকায় চেম্বার ভবনে শ্রমিক অসন্তোষ নিয়ে আয়োজিত জরুরি মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও চেম্বারের সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

মাসুদুজ্জামান মাসুদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে বছরে লাখ লাখ থেকে কোটি টাকা পর্যন্ত ব্যয় করতে হয় ব্যবসায়ীদের। এসব অর্থ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা সম্ভব হলে তাঁদের বেতন বাড়ানো যেত। তাঁর ভাষায়, অতিরিক্ত অর্থ দিতে দিতে ব্যবসায়ীদের অবস্থা কঠিন হয়ে পড়েছে।

এ সময় নারায়ণগঞ্জে শ্রমিক অসন্তোষ ও সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, এ বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে প্রশ্ন, রহস্য ও হতাশা তৈরি হয়েছে।