জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিতে শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, দিবসটির তাৎপর্য তুলে ধরতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিশেষ আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করতে হবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনাও দেওয়া হয়েছে।
সরকারি কর্মসূচির অংশ হিসেবে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। তবে দিনটি শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত কোনো ছুটি পাচ্ছেন না।
সরকারি ছুটি থাকলেও দিবসটি উদযাপনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নির্ধারিত কর্মসূচি পালন করতে হবে। ফলে সাপ্তাহিক ছুটির দিনেও সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে এসব আয়োজনে অংশ নিতে হবে।








